মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতাকে ফের কংগ্রেসে যোগ দেওয়ার পরামর্শ দেন। এমনকি প্রয়োজনে বাংলায় কংগ্রেসের নেতৃত্ব মমতার হাতে তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি।
অধীর চৌধুরীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আরও পড়ুন:
তাঁর দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পর মমতা বুঝেছেন যে, একা বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে এবং রাহুল গান্ধীর সমর্থন ছাড়া বিজেপিকে মোকাবিলা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
তবে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাসরি সমর্থন করলে কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন অধীর। তাঁর যুক্তি, দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এবং সংঘাতের কারণে রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
এই পরিস্থিতিতে মমতার উদ্দেশে অধীরের সরাসরি বার্তা, তৃণমূলের সঙ্গে আলাদা রাজনৈতিক সমঝোতার পথে না গিয়ে কংগ্রেসে ফিরে আসুন। প্রয়োজনে বাংলায় কংগ্রেসের নেতৃত্বও নিন।
অধীর বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সকলকে দরকার। আমরা মমতা ব্যানার্জির অধীনেই কংগ্রেস করব। তিনি তো নেত্রী ছিলেন কংগ্রেসের।”
এমনকি আসন্ন উপনির্বাচন থেকেই এই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি। নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করার পাশাপাশি রেজিনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফিকে তৃণমূলের সমর্থনের আবেদনও জানান অধীর।
আরও পড়ুন:
অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে মমতা-কংগ্রেস সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক বিরোধিতার পর অধীরের মুখে মমতাকে কংগ্রেসে ফেরার আহ্বান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।