পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সমস্ত থানায় সিসিটিভি নজরদারি ব্যবস্থা ২৪ ঘণ্টা এবং বছরের ৩৬৫ দিনই সচল রাখা বাধ্যতামূলক বলে স্পষ্ট জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। সিসিটিভি অকেজো বা বিকল থাকলে পুলিশি হেফাজতে আনা ব্যক্তিদের নিরাপত্তা ও স্বচ্ছতা সুনিশ্চিত করতে একাধিক আইনি নির্দেশিকা জারি করেছে আদালত। বিচারপতি অতুল শ্রীধরনের ও বিচারপতি অচলেশ সচদেবের বেঞ্চ এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ প্রকাশ করেন।

গত ২৩ সেপ্টেম্বরের আদেশে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিসিটিভি বিকল থাকাকালীন জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারের জন্য থানায় আনা প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য তৎক্ষণাৎ জেনারেল ডায়েরিতে নথিবদ্ধ করতে হবে।

রাঘবেন্দ্র দুবে নামের এক ব্যক্তির দায়ের করা রিট আবেদনের শুনানি চলাকালীন এই রায় দেয় উচ্চ আদালত।

আবেদনকারীর অভিযোগ, বালি খাদানের চুক্তি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে আসানসোল থেকে বেআইনিভাবে তুলে এনে চিত্রকুটের সরধূয়া থানায় আটকে রাখা হয়েছিল। রাজ্যের তরফে জামিন অযোগ্য পরোয়ানার ভিত্তিতে গ্রেফতারির দাবি করা হলেও, পুলিশি নথি যাচাই করে আদালত দেখতে পায় যে গ্রেফতারি মেমো সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ ছিল এবং কেবল পুলিশকর্মীদের স্বাক্ষরেই তা তৈরি করা হয়েছিল।

হাইকোর্ট বেআইনি গ্রেফতারি খারিজ করে আবেদনকারীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় এবং ২৪ ঘণ্টার বেআইনি আটকের জন্য তাঁকে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, "মামলার তথ্যপ্রমাণ থেকে প্রথম দর্শনেই স্পষ্ট যে, পুলিশ আধিকারিকরা অভিযোগকারীর হয়ে পাওনা আদায়ের 'রিকভারি এজেন্ট' হিসেবে কাজ করেছেন। সিসিটিভি ক্যামেরা অকেজো করে পুলিশের তথ্য প্রমাণের কারচুপি করার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।"