পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর পাসের নামে তোলা টাকা কি পৌঁছেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদের পর নিজেদের এক্স হ হ্যান্ডেলে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুজো পরিক্রমার পাস সংক্রান্ত এই আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় ন'ঘণ্টা ম্যারাথন জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির বিবৃতিতে জানানো হয়েছে, জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
আর্থিক দুর্নীতির উৎস খুঁজতে গত মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন প্রান্তে জোরদার তল্লাশি অভিযান চালায় ইডি। ইন্দ্রনীল সেনের কসবার বাসভবন এবং সিঙ্গুরের বাগানবাড়ির পাশাপাশি ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়ি-সহ হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের বেশ কয়েকটি ঠিকানায় হানা দেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় এই তল্লাশি চালানোর পরই প্রাক্তন মন্ত্রীকে তলব করে জেরা করা হয়। পুজো পাসের নাম করে তোলা ওই বিপুল পরিমাণ টাকা ঠিক কীভাবে এবং কোথায় পৌঁছেছে, বর্তমানে সেটাই বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।