এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের প্রাক্তন মুখ্য কমিশনার ওমপ্রকাশ রাওয়াতের মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর দাবি, স্বাধীনতার পর এই প্রথম এত সংখ্যক যোগ্য ভোটার তাঁদের ভোটাধিকার হারিয়েছেন। বিষয়টিকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন।

এর আগে এসআইআর নিয়ে রাওয়াত ফর্ম ৬-এ পরিবর্তনের সমালোচনা করেছিলেন।

তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিন কমিশনারের মতামত ও সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি গুরুত্বপূর্ণ। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির আপত্তি উপেক্ষিত হয়ে থাকলে, পরবর্তী বৈঠকে সেই সিদ্ধান্তগুলি বাতিল করার উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক। কমিশনের দাবি, এসআইআর-সহ চূড়ান্ত সিদ্ধান্তগুলি তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে।