পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে মমতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা পাঠানো হয়েছে। সমাজমাধ্যমে ইডির এই দাবির পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। যদিও এই অভিযোগের পালটা ব্যাখ্যা দিয়েছে কালীঘাট তৃণমূলও।
গত কয়েকদিন ধরেই প্রি-পুজো পাসের নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে চর্চায় রয়েছেন ইন্দ্রনীল সেন।
ইডির এই দাবির পরেই মমতাকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, নিজে সততার প্রতিমূর্তি সেজে বাকি সবাইকে ফাঁসিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলের নেতা-মন্ত্রীরা জেলে গেলেও নিজের গায়ে তিনি কোনও কালি লাগতে দেননি। কিন্তু এই চালাকি আর বেশিদিন চলবে না। দিলীপের সংযোজন, "বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাস ওনার চিরদিনের। ওনার জন্যই পুরো দল আজ ডুবে গিয়েছে। এতদিন উনি বেঁচেছিলেন, এবার আসল ঘটনা প্রকাশ্যে আসছে।"
অন্যদিকে, এই টাকার লেনদেন প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন লেখিকাই নন, তিনি গান লেখেন এবং সুরও দেন। ইন্দ্রনীল সেনের রেকর্ড কোম্পানির সঙ্গে তাঁর আইনি চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী গানের রয়্যালটি হিসেবেই তিনি ওই টাকা পেয়েছেন, এর মধ্যে কোনও দুর্নীতি নেই।