পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হতে চলা পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসে বড় পরিবর্তনের ইঙ্গিত। দিল্লি পৌঁছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অমরিন্দর সিং রাজা ওয়ারিং। শুক্রবারের এই বৈঠকেও পাঞ্জাবের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের নানা চ্যালেঞ্জ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের জুলাই মাসেই দলের হাইকমান্ড জানিয়েছিল যে ওয়ারিং প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বহাল থাকবেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে প্রচার কমিটির প্রধান করা হবে।

তবে দলীয় সূত্রের খবর, এই ব্যবস্থায় বিধায়ক দলের নেতা প্রতাপ সিং বাজওয়া, চরণজিৎ সিং চান্নি বা সুখজিন্দর সিং রনধাওয়া কেউই পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। এই অন্তর্দ্বন্দ্বের আবহেই সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ওয়ারিং।

লুধিয়ানার বর্তমান লোকসভা সাংসদ রাজা ওয়ারিং ২০২২ সালের এপ্রিল মাসে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর নেতৃত্বেই রাজ্যের ১৩টি আসনের মধ্যে ৭টিতে জয়লাভ করেছিল কংগ্রেস।

নিজের পদত্যাগ প্রসঙ্গে ওয়ারিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁকে জোর করে ইস্তফা দিতে বলা হয়নি। ওয়ারিংয়ের বক্তব্য, "উচ্চতায় পৌঁছানো বড় অর্জন, তবে কেউ আজীবন শীর্ষে থাকতে পারে না। আমি নিজের বিবেকের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। রাহুল গান্ধীই আমাকে এই পদে বসিয়েছিলেন, তাই ইস্তফাও তাঁর কাছেই জমা দিয়েছি।
আমি কোনো ব্যক্তিস্বার্থ বা কারও অনুগ্রহে সভাপতি পদে ছিলাম না।"

দলীয় সূত্রের খবর, উপদলীয় কোন্দল সামলে আগামী বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে পাঞ্জাবে নতুন নেতৃত্ব আনতে চায় হাইকমান্ড। নতুন সভাপতি হিসেবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংলা-র নাম সবার শীর্ষে রয়েছে। সংরুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বানিয়া ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি সিংলাকে রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। গত জুন-জুলাই মাসেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছিল সিংলাকে। জাট শিখ ও দলিত নেতৃত্বের টানাটানির মাঝে একজন প্রভাবশালী হিন্দু মুখকে দায়িত্ব দিয়ে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারে কংগ্রেস হাইকমান্ড।