পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের গোড়ার দিকে এক প্রবীণ মুসলিম দোকানিকে বজরং দলের কর্মীদের হেনস্থা থেকে রক্ষা করে দেশজুড়ে শিরোনামে আসা জিম মালিক দীপক কুমার ওরফে 'মোহাম্মদ দীপক'-কে গ্রেফতার করল উত্তরাখণ্ড পুলিশ। এক স্থানীয় ব্যবসায়ীকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌড়ী গড়বালের কোটদ্বার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোটদ্বার কোতোয়ালি থানায় সঞ্জীব টঙ্ক নামে এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করে জানান, দীপক কুমার তাঁর সাথে চরম দুর্ব্যবহার করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

প্রাথমিকভাবে অভিযুক্ত দীপকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩৫১(২) (অপরাধমূলক হুমকি) এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে অপমান) ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত চলাকালীন সংগৃহীত সিসিটিভি ফুটেজ, আলোকচিত্র এবং অন্যান্য তথ্যাদির ভিত্তিতে পুলিশ মামলাটিতে আরও দুটি গুরুতর ধারা যুক্ত করে। 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগকারীর প্রতি দীপকের কটু বাক্য প্রয়োগ ও হুমকির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৭০ ধারায় তাঁকে সতর্কতামূলকভাবে হেফাজতে নেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে কোটদ্বারের এক প্রবীণ মুসলিম ফল বিক্রেতার দোকানের নামে 'বাবা' শব্দটি ব্যবহারের বিরোধিতা করে বজরং দলের কিছু কর্মী চড়াও হলে, একা তার প্রতিবাদ জানিয়ে নজর কেড়েছিলেন এই জিম মালিক। প্রতিবাদকারীদের সাথে বচসার একপর্যায়ে দীপক কুমার নিজের নাম 'মোহাম্মদ দীপক' বলে পরিচয় দিয়েছিলেন। সেই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল এবং রাতারাতি তিনি সমাজমাধ্যমে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন।