পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এবার কর্নাটকেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলল কংগ্রেস। তালিকা থেকে একাই ১৯৮ জন মুসলিম ভোটারের নাম কাটার আবেদন জানানোয় এক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কর্নাটক পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতার নাম রবি পাটিল। কংগ্রেসের অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের যোগ্য ভোটারদের পরিকল্পিতভাবে তালিকা থেকে ছেঁটে ফেলার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বেলগাভির বেলগাভি মার্কেট থানায় রবি পাটিলের বিরুদ্ধে এক ভোটার লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে প্রতারণা, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই বিজেপি নেতা নির্বাচন কমিশনের ৭ নম্বর ফর্ম পূরণ করে একাই ১৯৮ জন মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং স্থানীয় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের আরও কয়েকটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলির তদন্ত শুরু হয়েছে।
এদিকে ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে কর্নাটকের শাসক দল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তীব্র রূপ নিয়েছে।
বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার অভিযোগ করেন, বিজেপি নেতাদের কাছে গুচ্ছ গুচ্ছ ফর্ম সেভেন পৌঁছে দেওয়া হচ্ছে। সেই ফর্মগুলিতে আগে থেকেই ভোটারদের নাম ও এপিক নম্বর লেখা থাকছে, যাতে সুপরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিবাদের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান শুরু করে পুলিশ খতিয়ে দেখছে, যাঁরা একাই একাধিক ভোটারের নাম বাতিলের আবেদন জমা দিচ্ছেন, তাঁদের নেপথ্যে কোনও বৃহত্তর অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না।