পুবের কলম ওয়েব ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের নাম তালিকায় ফের অন্তর্ভুক্ত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় তোলার জন্য বিশেষ অভিযান শুরু করতে চলেছে কমিশন। পশ্চিমবঙ্গ ও বিহার-সহ যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, মূলত সেই এলাকাগুলির বাদ পড়া তরুণ ভোটারদের তালিকায় ফের যুক্ত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এই প্রক্রিয়ার বিষয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের (এইআরও) প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। এসআইআর-এর সময় কোনও কারণে নাম তুলতে না পারা বা যোগ্যতা থাকা সত্ত্বেও তালিকা থেকে বাদ পড়া নাগরিকরা 'ফর্ম সিক্স' পূরণ করে ফের নাম নথিভুক্ত করতে পারবেন।

আগামী এক মাস ধরে চলবে এই বিশেষ কর্মসূচি। এসআইআর প্রক্রিয়ার শুরুর মতো এবারও বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) প্রতিটি বাড়িতে যাবেন, ভোটারদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবেন এবং বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করে ফর্ম সিক্স পূরণ করাবেন।
উল্লেখ্য, ২০টি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় বিস্তর অনিয়ম ও নিয়ম বদলের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এহেন রাজনৈতিক চাপ ও বিতর্কের আবহেই তালিকা সংশোধনে এবং যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত করতে ময়দানে নামল কমিশন।