পুবের কলম, ওয়েবডেস্ক: পাঠ্যক্রম থেকে বাদ পড়া কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতা ‘আঠারো বছর বয়স’ এবং ‘রবীন্দ্রনাথের প্রতি’ পুনরায় স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি উঠল। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে কবিতা দুটি বাদ দেওয়া হয়েছিল। চলতি বছরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে কবিতা দুটি পাঠ্যক্রমে ফেরাতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ’।

পবিত্র সরকার ও রজত বন্দ্যোপাধ্যায়ের যৌথ স্বাক্ষর সংবলিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কোনো যুক্তিতেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা পাঠ্যসূচি থেকে ছেঁটে ফেলা সমর্থনযোগ্য নয়। তরুণ প্রজন্মের শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের থেকে তাঁর সৃষ্টিকে দূরে রাখা অন্যায়।

সংগঠনের চিঠির জবাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা না এলেও, বিষয়টি ইতিবাচকভাবে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিদ্যালয় শিক্ষায় ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

শিক্ষামন্ত্রী জানান, প্রথম শ্রেণি থেকে শুরু করে সম্পূর্ণ বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম নতুন করে সাজানো হবে। ২০২৮ সাল থেকে এই আমূল পরিবর্তিত নতুন সিলেবাস চালু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষামন্ত্রী দীপক বর্মণের কথায়, ২০২৭ সালের প্রস্তাবিত পাঠ্যক্রমটি আরও একবার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই একটি নতুন সিলেবাস কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়কে।