ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কার্যপদ্ধতি, আইনি বৈধতা এবং এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে পাঁচ অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি স্বাধীন কমিশন গঠন করেছে ‘লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর কনস্টিটিউশন’ (LAFC)। কমিশনের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুর।

কমিশনের অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে পাটনায়ক, জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বদর দুররেজ আহমেদ, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রেখা শর্মা এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ।

LAFC-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশোধিত ভোটার তালিকা থেকে কোনও যোগ্য নাগরিকের নাম বাদ পড়ছে কি না এবং অযোগ্য নাম বাদ দেওয়ার প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি SIR-এর সাংবিধানিক ও আইনগত বৈধতা এবং ভোটারদের উপর এর প্রভাবও পর্যালোচনা করা হবে।

এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে ফুল বেঞ্চ ও আঞ্চলিক বেঞ্চের মাধ্যমে গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে নাগরিক, সিভিল সোসাইটি সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হবে। ভোটার তালিকায় নাম বাদ পড়া বা নতুন নাম যুক্ত হওয়ার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি গবেষণা শাখাও গঠন করা হয়েছে।

কমিশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রবীণ আইনজীবী কপিল সিবাল, প্রশান্ত ভূষণ, চন্দর উদয় সিং, প্রশান্ত চন্দ্র সেন ও রাজু রামচন্দ্রনের পাশাপাশি রেবেকা মমেন জন, ওয়ারিশা ফারাসাত এবং বৃন্দা গ্রোভারের মতো আইনজীবীরা যুক্ত থাকবেন বলে সংগঠনটি জানিয়েছে।

LAFC-এর দাবি, কমিশনের অনুসন্ধান ও চূড়ান্ত সুপারিশের দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপরই থাকবে। সংগঠনের লক্ষ্য, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা।