ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, তাইজের বিভিন্ন এলাকায় হুথিদের সমাবেশ, অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক রসদ সরবরাহের জায়গাগুলিকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আল-আকরুদ, সামিয়া, আল-আহকুম, আল-আকবুশ, জাবাল রাসিন, জাবাল জারদাদ, বানি ওমর, বানি বাকারি, আল-কাওয়িশ ও আল-আথাওয়ির এলাকায় হামলা হয়েছে বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর দাবি, হামলায় হুথিদের বেশ কয়েকটি পরিবহন ও সহায়ক যানবাহন ধ্বংস হয়েছে। পাশাপাশি গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। ইয়েমেনি বাহিনীর বক্তব্য, এই হামলার ফলে তাইজে হুথিদের সামরিক কার্যকলাপ ও লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা ব্যাহত হয়েছে।

তাইজ প্রদেশে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তবে হামলায় হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনও তথ্য যাচাই করা যায়নি।