পুবের কলম ওয়েবডেস্ক,অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলের একটি ওষুধ কারখানায় শনিবার সকালে ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা নাগাদ কারখানায় ওষুধ তৈরির কাজ চলছিল। সেই সময় বয়লার ইউনিটে আচমকা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে। বিস্ফোরণের সময় রাতের পালির কর্মীরা সেখানে ছিলেন।

খবর পেয়ে দমকল, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি অংশ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার সময় কারখানায় মোট কতজন কর্মী ছিলেন, তা এখনও জানা যায়নি।