পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর দপ্তরের সদস্যের ভুয়ো পরিচয় দিয়ে নবান্নে প্রবেশের অভিযোগে গত বৃহস্পতিবার দিল্লিতে আকাঙ্খা বিদ্যার্থী নামের এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় এবং শনিবার হাওড়া আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। হাওড়ায় নিয়ে আসার পর শিবপুর থানার তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন, যেখানে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের অবিবাহিতা ওই যুবতী নিজেকে ভারতীয় জনসংঘের প্রাক্তন সাংসদ রাম স্বরূপ বিদ্যার্থীর নাতনি বলে দাবি করেছেন। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন রাম স্বরূপ বিদ্যার্থী।
নবান্নে যাওয়ার কারণ হিসেবে আকাঙ্খা জানান, আসানসোলের এক প্রাক্তন তৃণমূল নেতার আত্মীয় কোচবিহারের মাথাভাঙায় একটি স্কুল তৈরি করছেন, যেখানে স্থানীয় কিছু বিজেপি নেতা বাধা দিচ্ছেন। ওই নেতার আত্মীয়রা সাহায্য চাইলে, স্কুল তৈরির সমস্যার সুরাহা করতেই তিনি তাঁদের নিয়ে নবান্নে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের কাছে যান। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মী পরিচয় দিয়ে মন্ত্রীর কাছে বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি।
তবে, প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচয় দিয়ে এমন আবেদন করায় পূর্তমন্ত্রীর সন্দেহ হয়। আকাঙ্খা নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই পরিচয় ভুয়ো। এরপর রাতেই শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে, আকাঙ্খা দিল্লির বিমানে উঠে পড়েছেন। শিবপুর থানার পুলিশের একটি বিশেষ দল তড়িঘড়ি দিল্লি গিয়ে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। যে দু'জনকে সঙ্গে নিয়ে ওই যুবতী নবান্নে গিয়েছিলেন, বর্তমানে তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, আকাঙ্খার দেওয়া বয়ান কতটা সত্যি, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।