পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা গণআন্দোলন ও সাধারণ মানুষের অসন্তোষকে এক মঞ্চে আনতে নতুন উদ্যোগ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গান্ধী জয়ন্তীর পরই এই লক্ষ্যকে সামনে রেখে ‘সত্যাগ্রহ’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন তিনি। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশজুড়ে চলা স্থানীয় ও বিক্ষিপ্ত আন্দোলনগুলি প্রচারের আলো না পাওয়ায় অনেক সময়ই সরকার কিংবা সংবাদমাধ্যমের নজরে আসে না। সেই সমস্ত আন্দোলনকারীদের আওয়াজকে বৃহত্তর রূপ দিতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা করা হয়েছে।
এই ওয়েবসাইটের মাধ্যমে জল-জমি-জঙ্গল রক্ষা, নারী অধিকার, দলিত ও অনগ্রসর শ্রেণির প্রাপ্যের দাবি কিংবা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম সংক্রান্ত যাবতীয় আন্দোলনের তথ্য তুলে ধরা যাবে। পাশাপাশি যে কোনও ব্যক্তি বা সংগঠন নিজেদের আন্দোলনের বিবরণ দেওয়া এবং আন্দোলনের স্বার্থে সহযোগিতার আবেদন জানানোর সুযোগ পাবেন। রাহুল গান্ধী জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজে আন্দোলনকারীদের সেই দাবিগুলি সংসদ ও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবেন। ওয়েবসাইটের সূচনা উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে বর্তমানে সত্যকে পিষে ফেলার চেষ্টা হচ্ছে এবং বিরোধী দলনেতা হিসেবে প্রতিটি অবদমিত স্বরকে সামনে আনা তাঁর দায়িত্ব। বাপুর আদর্শ স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন, সত্যের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি।
রাহুলের তৈরি এই মঞ্চের মূল বার্তা রাখা হয়েছে ‘সংঘর্ষ জোড়ো-ভারত জোড়ো’। তাঁর মতে, প্রতিটি আন্দোলনের নিজস্ব প্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা রয়েছে, তবে আলাদাভাবে লড়াই করলে সেই দাবি জোরাল হয় না। তাই সব আন্দোলনকে সুসংগঠিত করা প্রয়োজন। কংগ্রেস নেতৃত্বের একাংশের মতে, দেশজুড়ে চলা গণবিক্ষোভগুলিকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি বিজেপি-বিরোধী শক্তিগুলিকেও একসূত্রে বাঁধার একটি বড় কৌশল এই পদক্ষেপ।