পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নবান্নে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর সপ্তাহে রাজ্যের রেশন গ্রাহকরা অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি পাবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ২ কোটিরও বেশি পরিবারের প্রায় ৮ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। এই বিশেষ প্যাকেজ কার্যকর করতে খাদ্য দপ্তরের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।


ঘোষিত প্যাকেজ অনুযায়ী, রেশন দোকানগুলি থেকে প্রতি কেজি ময়দা পাওয়া যাবে ১৯ টাকায় এবং প্রতি কেজি চিনির দাম ধার্য করা হয়েছে ৩০ টাকা। এর পাশাপাশি ৫০০ গ্রাম সুজিও অর্ধেক দামে দেওয়া হবে, যার দর দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, দামের বাকি ৫০ শতাংশ ভর্তুকি হিসেবে বহন করবে রাজ্য সরকার। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং সুজির দর নির্ধারণের কাজও দ্রুত শেষ করা হবে।

এর আগে শুক্রবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, সরকারের প্রাথমিক ইচ্ছা ছিল এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার। তবে বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আর্থিক পরিস্থিতি অনুকূল হলে উৎসবের সময় এই খাদ্যসামগ্রী বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। খাদ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানান, এই প্যাকেজ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, ধর্মীয় বিভাজন এড়িয়ে রাজ্যের নথিভুক্ত ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবারই এই সুবিধার আওতায় আসবে।