পুবের কলম ওয়েব ডেস্ক: গরুচোর সন্দেহে দুই যুবককে ধরে বেধড়ক গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যু হল। গুরুতর জখম হয়েছেন আরও একজন। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত তারাবাড়ি এলাকায় বালাসন নদীর তীরে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

উত্তেজিত জনতা দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে বালাসন নদীর পার দিয়ে গাড়ি নিয়ে কয়েকজন অপরিচিত যুবককে যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এলাকায় বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক গরু চুরির ঘটনা ঘটায় ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা।
অপরিচিত যুবকদের দেখেই গরুচোর সন্দেহে তাড়া করেন গ্রামবাসীরা। বাকিরা দৌড়ে পালিয়ে গেলেও দু'জনকে পাকড়াও করে ফেলেন তাঁরা। একই সঙ্গে তাঁদের দুটি গাড়িও আটকে রাখা হয়।
এর পরই ওই দুই যুবককে ধরে শুরু হয় মারধর।
অভিযোগ, মারের চোটে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং অন্যজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি চরমে উঠলে ক্ষুব্ধ জনতা আটক করা গাড়ি দুটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গুরুতর জখম যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর সকাল থেকেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।