পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল কংগ্রেস। পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যে প্রদেশ সভাপতি পদ বদলে দিল দলের হাইকমান্ড। পাঞ্জাবে অমরিন্দর সিং রাজা ওয়ারিংকে সরিয়ে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পরগত সিংকে। অন্যদিকে, উত্তরপ্রদেশে অজয় রাইকে পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতা প্রমোদ তিওয়ারির কন্যা আরাধনা মিশ্র মোনাকে।
পাঞ্জাব কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের তীব্র গোষ্ঠীকোন্দল মেটাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। রাজা ওয়ারিংয়ের নেতৃত্বে ভোটে লড়তে নারাজ ছিলেন দলের সিংহভাগ প্রবীণ নেতা, যাঁদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
আরও পড়ুন:
পরিস্থিতি খতিয়ে দেখে সম্প্রতি পাঞ্জাবের দলীয় পর্যবেক্ষক শচীন পাইলটের দেওয়া পরামর্শের ভিত্তিতেই ওয়ারিংকে সরানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব। তাঁর জায়গায় দায়িত্ব পাওয়া চান্নি-ঘনিষ্ঠ পরগত সিং নিজেও একজন জাঠ শিখ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চান্নি ও পরগত জুটিকে সামনে রেখে রাজ্যে ৩০ শতাংশ দলিত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী জাঠ শিখ—উভয় শিবিরকেই একযোগে বার্তা দিল কংগ্রেস।আরও পড়ুন:
অন্যদিকে, উত্তরপ্রদেশে দলের পুরনো ভোটব্যাঙ্ক পুনর্দখলের লক্ষ্যেই নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করা অজয় রাইয়ের অতি উগ্র ভাবমূর্তির কারণে সংখ্যালঘু ভোটাররা দল থেকে মুখ ফেরাতে পারেন বলে কংগ্রেস নেতৃত্বের আশঙ্কা ছিল। সেই সমীকরণ মাথায় রেখে ব্রাহ্মণ মুখ হিসেবে আরাধনা মিশ্রকে সভানেত্রী করার পাশাপাশি কার্যকরী সভাপতি পদে আনা হয়েছে রাজ্যের প্রভাবশালী মুসলিম নেতা ইমরান মাসুদকে। এর মাধ্যমে উত্তরপ্রদেশে কংগ্রেসের চিরাচরিত ব্রাহ্মণ ও মুসলিম ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের পথেই হাঁটল হাইকমান্ড।