পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় এক দশক আগে দল ছাড়ার পর অবশেষে পুনরায় কংগ্রেসে ফেরার বিষয়ে শীর্ষ নেতৃত্বের সাথে একপ্রস্থ চূড়ান্ত আলোচনায় বসলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনৈতিক নেতা শঙ্করাসিন ওয়াঘেলা। গুজরাটে ক্ষমতাসীন বিজেপি সরকারকে উখড়ে ফেলতে তিনি ফের হাত শিবিরে যোগ দিতে প্রস্তুত বলে সাফ জানিয়েছেন।
 
গান্ধীনগর পুরসভা নির্বাচন এবং ২০২৭ সালের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ওয়াঘেলার এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ৮৬ বছর বয়সী এই নেতা জানান, কংগ্রেসের গুজরাট ইন-চার্জ রণদীপ সিং সুরজেওয়ালা, রাজ্য কংগ্রেস সভাপতি অমিত চাবড়া এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতসিন সোলাঙ্কির সাথে তাঁর প্রাথমিক কথা হয়েছে।

তবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে চূড়ান্ত বৈঠকের পরেই তাঁর আনুষ্ঠানিক যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
২০১৭ সালে দল ত্যাগ করা ওয়াঘেলা নিজেকে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন। তিনি জানান, মল্লিকার্জুন খাড়গে ও তৎকালীন প্রদেশ ইন-চার্জ মুকুল ওয়াসনিকের সাথে আগেই তিনি যোগাযোগ করেছিলেন। ওয়াঘেলা প্রকাশ্যেই বলেন, "বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য আমি কংগ্রেসে যোগ দিতে প্রস্তুত।
আমি দলকে বার্তা দিয়েছি যে এই বয়সে দলের কাছে আমার কোনো চাওয়া-পাওয়া বা প্রত্যাশা নেই, আমি কেবল দিতে চাই। আগামী বিধানসভা নির্বাচনই আমার শেষ সুযোগ, এরপর হয়তো আর এভাবে সক্রিয় থাকা সম্ভব হবে না।"
 
ওয়াঘেলার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে গুজরাট প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরে দু'রকম মত দেখা দিয়েছে। রাজ্য কংগ্রেসের সভাপতি অমিত চাবড়া এবং মুখপাত্র মণীশ জোশী বর্ষীয়ান এই নেতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, বিজেপি-বিরোধী সমভাবাপন্ন নেতাদের একছাদের তলায় নিয়ে আসার কাজ চলছে। প্রাক্তন সভাপতি ভারতসিন সোলাঙ্কিও গত দেড় বছর ধরে ওয়াঘেলাকে দলে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে আসছিলেন।