পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো উপলক্ষে শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং প্রতিমা পরিবহণ নির্বিঘ্ন করতে বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। আগামী ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা বলবৎ থাকবে। মহালয়ার দু’দিন আগে থেকে ষষ্ঠী পর্যন্ত মূল রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া ১৩ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকে পুজোর দিনগুলির জন্য আলাদাভাবে যান চলাচল নিয়ন্ত্রিত হবে শহরে।
কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার সুবিধার্থে পুলিশের তরফে নির্দিষ্ট রুট ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, কুমোরটুলির দিকে প্রতিমা আনতে যাওয়ার গাড়িগুলিকে রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি ব্যবহার করতে হবে। অন্যদিকে, প্রতিমা নিয়ে ফেরার সময় গাড়িগুলিকে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আট দিন প্রতিমা বহনের গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি রবীন্দ্র সরণিতে ঢুকতে পারবে না। সাধারণ পণ্যবাহী গাড়িগুলিকে বিকল্প পথ হিসেবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিকে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
যানজট রুখতে শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে সব ধরনের গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মহালয়ার দিন ভোর থেকে রাত পর্যন্ত গঙ্গার ঘাট ও স্ট্র্যান্ড রোড চত্বরে বিশেষ যান নিয়ন্ত্রণ থাকবে। পুজোর সময়েও শহরের একাধিক বড় রাস্তায় দিনের নির্দিষ্ট সময়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে জরুরি পরিষেবার গাড়িগুলি এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
দশমীর পর থেকে লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত বিসর্জনের জন্য ঘাটমুখী রাস্তাগুলিতেও কড়া নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। কালীঘাট চত্বর, গার্ডেনরিচ এবং বাগবাজার রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করার পাশাপাশি যান চলাচলও নিয়ন্ত্রিত হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে ভিড়ের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে শহরের যে কোনও রাস্তাতেই তাৎক্ষণিক যান নিয়ন্ত্রণের পদক্ষেপ করতে পারে পুলিশ।