পুবের কলম ওয়েব ডেস্ক: আম আদমি পার্টিতে (আপ) অব্যাহত দলবদলের স্রোত। রাঘব চাড্ডা-সহ একাধিক শীর্ষ নেতার দলত্যাগের পর এবার আপ ছাড়লেন দলের জাতীয় মুখপাত্র তথা পরিচিত মুখ প্রিয়াঙ্কা কক্কড়। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। তাঁর সঙ্গেই হাত শিবিরে শামিল হয়েছেন আপ নেতা রজত রাকেশ ট্যান্ডন এবং প্রাক্তন বিধায়ক শ্যাম সুন্দর শর্মা। দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব, দলের নেতা রাজীব শুক্লা এবং পবন খেরার উপস্থিতিতে তাঁরা কংগ্রেসে যোগদান করেন।


টেলিভিশন বিতর্কে বিজেপির বিরুদ্ধে দলের হয়ে জোরালো সওয়াল করার সুবাদে পরিচিতি পেয়েছিলেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা। নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করে তিনি জানান, নিজের বেড়ে ওঠার শহরকে একটি পরিচ্ছন্ন, প্রগতিশীল এবং নিরাপদ দিল্লি হিসেবে ফিরে পেতেই তাঁর এই পদক্ষেপ। এক দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি বুঝেছেন যে এই রূপান্তর কেবল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব। একই সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দেশের রাজনীতিতে এই মুহূর্তে একমাত্র বিশ্বাসযোগ্য নেতা রাহুল গান্ধী, যিনি শত চক্রান্ত ও অপমানের পরেও কর্তব্যে অবিচল রয়েছেন।
আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের আদর্শচ্যুতিকে কাঠগড়ায় তুলেছেন প্রিয়াঙ্কা।
দলের বিরুদ্ধে ‘বাংলো-চপার’ সংস্কৃতির অভিযোগ তুলে তিনি বলেন, গাড়ি বা সরকারি বাংলো না নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে দল শুরু হয়েছিল, তা আজ বিস্মৃত। নেতারা এখন ব্যক্তিগত সফরেও কপ্টার ব্যবহার করছেন। তাঁর আরও অভিযোগ, দল মেধাবী কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হয়েছে। উলটে রাজস্থান থেকে আসা এমন ব্যক্তিদের পাঞ্জাবে বড় পদ, গাড়ি ও বাংলো দেওয়া হচ্ছে, যাঁদের বুথ স্তরে কাজের কোনও অভিজ্ঞতাই নেই। দলের এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েই তিনি কংগ্রেসের হাত ধরেছেন বলে স্পষ্ট করেছেন।