উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ঘড়িতে তখন রাত দেড়টা। চারপাশে ঘন অন্ধকার, রাস্তাঘাট প্রায় শুনশান। সেই নীরবতা ভেঙে মাঝরাতে বেপরোয়া গতিতে ছুটে চলেছে একের পর এক বাইক। একটি বাইকের পিছনে বসে এক নাবালিকা। এমনই দৃশ্য নজরে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানা এলাকার ঘটনায় পাঁচ বাইক আরোহীকে আটক করে কড়া বার্তা দিল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুটি বাইকে করে এক নাবালিকাকে নিয়ে ঘুরছিল পাঁচ যুবক। অভিযোগ, উচ্চগতিতে বাইক চালানোর পাশাপাশি রাতের ওই সময়ে নাবালিকাকে সঙ্গে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তারা। বিষয়টি নজরে আসতেই বাইক থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।পুলিশ প্রথমে তাঁদের নাম, বাবার নাম ও ঠিকানা জানতে চায়।
এরপর পিছনে বসে থাকা নাবালিকার বয়স জানতে চাওয়া হলে সে জানায়, তার বয়স ১৫ বছর। এরপরই পাঁচ যুবককে কড়া সতর্ক করে পুলিশ। প্রথমে তাঁদের থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। তখনই ভুল স্বীকার করে আর এমন ঘটনা হবে না বলে পুলিশের কাছে ক্ষমা চাইতে দেখা যায় তাঁদের।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও গভীর রাতে এমনভাবে ঘোরাঘুরির জন্য তাঁদের আটক করা হয়েছিল এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল।
কিন্তু ফের একই ধরনের ঘটনায় এবার আর কোনও ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়।ঘটনাস্থলে পুলিশকর্মীদের বলতে শোনা যায়, রাত দেড়টার সময় নাবালিকাকে নিয়ে এভাবে রাস্তায় ঘোরাঘুরি কেন করা হচ্ছে, তা নিয়ে কড়া প্রশ্ন করা হচ্ছে। এরপর পাঁচ যুবককে ঘটনাস্থলেই আটক করা হয়।পুলিশের পক্ষ থেকে তাঁদের দিয়ে মাঝ রাস্তায় কান ধরে উঠবস করানো হয় বলে জানা গিয়েছে। গভীর রাতে নাবালিকাকে সঙ্গে নিয়ে বেপরোয়া বাইক চালানো এবং এলাকায় দাপাদাপির ঘটনায় এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ স্পষ্ট করে দিয়েছে, রাতের বেলায় এমন বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।