পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহের ভোল এবার আমূল বদলে যেতে চলেছে। দূরপাল্লার ও লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা গড়ে তুলতে এক অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেল। স্টেশনের আধুনিকীকরণের অংশ হিসেবে গড়ে তোলা হবে একটি বিশেষ তিনতলা ভবন এবং ছাদযুক্ত আধুনিক কমপ্লেক্স। সেখানে মাল্টিপ্লেক্স, শপিং মল, বড় মাপের ফুড কোর্ট এবং ইলেকট্রনিক্স সামগ্রীর একাধিক ব্র্যান্ডেড আউটলেট তৈরি করা হবে।
শিয়ালদহ স্টেশনকে একটি আন্তর্জাতিক মানের ‘ট্রাভেল হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই মেগা প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের বিশ্রামের সুবিধার্থে এই কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে আধুনিক ‘স্লিপিং পড’। নির্দিষ্ট অর্থ প্রদানের বিনিময়ে ট্রেন ধরার অপেক্ষায় থাকা যাত্রীরা সেখানে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারবেন। এর পাশাপাশি কাফেটেরিয়া ও ফুড কোর্টে সময় কাটানো কিংবা পছন্দসই কেনাকাটার সুযোগও মিলবে একই ছাদের তলায়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে তাঁদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত করতেই এই বড়সড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ।