কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে ‘ফর্ম ৭’ নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই ফর্মের অপব্যবহারের অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা-কর্মীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বেলগাভিতে বিজেপি নেতা রবি পাটিল ও অন্যদের বিরুদ্ধে ১৯৮ জন মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা এবং ফর্ম ৭-এর সঙ্গে ভুয়ো নথি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে।

একইভাবে বিদর ও মাইসুরুতেও ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার অভিযোগ করেছেন, SIR-এর সময় বিপুল সংখ্যায় ফর্ম ৭ জমা দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে ভোটারদের ব্যক্তিগত তথ্য আগে থেকেই ছাপানো ফর্মও ব্যবহার করা হয়েছিল।

নির্বাচন কমিশনও অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

অন্যদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। বিরোধী দলনেতা আর অশোকের বক্তব্য, ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর জন্য ফর্ম ৭ একটি বৈধ মাধ্যম। তাঁর দাবি, শুধু ফর্ম ৭ জমা দেওয়াকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়; আবেদনটি বৈধ কি না, তা যাচাই করা নির্বাচন কর্তৃপক্ষের দায়িত্ব।

ফলে এখন নজর পুলিশের তদন্ত ও নির্বাচন কমিশনের যাচাইয়ের দিকে। ফর্ম ৭-এর অপব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, তদন্তের ফলেই তা স্পষ্ট হবে।