উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল দুই নাবালিকার উপর। মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে। অভিযুক্তরা ও নাবালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি জনকল্যাণ মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ বাড়ির সামনে খেলছিল দুইনাবালিকা।তাদের বয়স ১০ ও ১২ বছর।অভিযোগ, সেই সময় প্রতিবেশী দুই নাবালক মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে তাদের ফুসলিয়ে একটি বাড়ির পিছনে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে দুই নাবালিকাকে জোর করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারের তরফে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় দুই নাবালককে আটক করা হয়েছে বলে জানা গেল,  পুলিশ সূত্রে খবর, ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(এম)/৩(৫) ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। দুই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা-সহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত ও ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।