যুদ্ধ ও সংঘাতের আবহের মধ্যেই গত পাঁচ বছরে ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানি ১৩০ শতাংশের বেশি বেড়ে ৮.৩ বিলিয়ন ডলার থেকে ১৯.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

IISS জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে আব্রাহাম চুক্তির আওতায় থাকা সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির মোট মূল্য ছিল প্রায় ৮.৮ বিলিয়ন ডলার।

এই তিন দেশের মধ্যে আমিরাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উঠে এসেছে।

ইসরায়েল থেকে ওই দেশগুলোতে ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, রাডার ও সেন্সরসহ বিভিন্ন প্রযুক্তি সরবরাহের তথ্য উল্লেখ করেছে IISS। একই সঙ্গে আমিরাতের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলোর শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতাও বাড়ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড ১৯.২ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।