পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূলের হয়ে জয়ী হওয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় পা রাখতে চলেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার কেন্দ্রীয় বিজেপির তরফে প্রকাশিত রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন তাঁর ছেড়ে যাওয়া ওই আসনেই ভোটগ্রহণ হবে এবং বিধানসভার অঙ্কের বিচারে এই আসনে বিজেপির জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর জুলাই মাসে আচমকাই সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল।
রবিবার বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী হিসেবে রুক্মিণী মল্লিকের (কোয়েলের পোশাকি নাম) নাম ঘোষণা করা হয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আগেই কীভাবে প্রার্থী তালিকায় তাঁর নাম এল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় গিয়েছেন। এবার কোয়েলও তাঁদের পদাঙ্ক অনুসরণ করলেন। এই বিষয়ে অবশ্য টলি নায়িকার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।