পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা বিক্ষোভের মাঝেই তাঁর অস্বস্তি আরও বাড়াল কেরলের কংগ্রেস সরকার। তাঁর বিরুদ্ধে ২০ বছরের পুরনো এক ইঞ্জিনিয়ারের মৃত্যু মামলার নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক কংগ্রেস নেতার আবেদনের ভিত্তিতে কেরলের পুলিশ মন্ত্রী রমেশ চেন্নিথালা অবিলম্বে এই পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০০৬ সালে।

কেরলে তখন ভি এস অচ্যুতানন্দনের নেতৃত্বে বামপন্থী সরকার ক্ষমতায় এবং রাজ্যের পূর্ত দপ্তরের সচিব পদে ছিলেন জ্ঞানেশ কুমার। সেই সময় মালয়েশিয়ার একটি নির্মাণ সংস্থা ‘পাটি-বেল’ কেরলে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক তৈরির বরাত পায়। অভিযোগ, রাস্তার কাজ শেষ হওয়ার পর সামান্য কিছু অনিয়মের কারণ দেখিয়ে ওই সংস্থার প্রাপ্য টাকা আটকে দেয় তৎকালীন কেরল সরকার।
ওই নির্মাণ সংস্থার চিফ ইঞ্জিনিয়ার লি শি বিন সরকারের থেকে অর্থ আদায়ে বিস্তর চেষ্টা করেও ব্যর্থ হন।
সেই সময় ওই টাকা মেটানোর বিনিময়ে তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এরপর আচমকাই আত্মঘাতী হন ওই ইঞ্জিনিয়ার। জানা যায়, নিজের সুইসাইড নোটে তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে গিয়েছিলেন তিনি। ঘটনার পর বাম সরকার ভিজিল্যান্সকে তদন্তের ভার দিলেও, কিছুদিন পর অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দুই দশক পর সেই মামলা নতুন করে চালু হওয়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে জাতীয় রাজনীতিতে চাপ আরও বাড়ল।