পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির জেরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বেআইনি জমায়েত এবং নির্দেশ অমান্য করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র নির্দিষ্ট ধারায় সিজেপি-র প্রতিষ্ঠাতা ছাড়াও দলের আহ্বায়ক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং আরও ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত শুক্রবার মুম্বই ও দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেন সিজেপি সমর্থকরা। এর আগে ২৭ সেপ্টেম্বর মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন অভিজিৎ দীপকে। পুলিশ সেই অনুমতি খারিজ করে দিলে তিনি ‘জেল ভরো’ বা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার আন্দোলনের ডাক দেন।

শুক্রবার মুম্বইয়ের বিক্ষোভে কাউকে আটক করা না হলেও, দিল্লিতে বিক্ষোভরত প্রায় ৭০০ জনকে আটক করেছিল পুলিশ।
নিজেদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও সমাজমাধ্যমে পোস্ট করে মুম্বই পুলিশকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। একইসঙ্গে তিনি দিল্লি পুলিশকে কটাক্ষ করে মুম্বই পুলিশের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে পুনরায় বড়সড় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সংগঠনের তরফে অভিজিৎ দীপকে জানিয়েছেন, পুলিশ বাধা দিলে নির্দিষ্ট জায়গাতেই মহাত্মা গান্ধীর আদর্শ মেনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে তাঁদের আন্দোলন চলবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের সাধারণ নাগরিকদেরও এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।