পুবের কলম ওয়েবডেস্ক, গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইসরাইলি হামলার আগে ও পরের গাজার উপগ্রহচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, গুগল আর্থ খুললেই এখন গাজার ভয়াবহ পরিস্থিতি চোখে পড়বে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জোলি তাঁর পোস্টে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করেননি। তবে তিনি লিখেছেন, গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।

জোলির দাবি, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু ত্রাণ ও আশ্রয়ের সামগ্রী পৌঁছাতেও নানা বাধা ও বিলম্ব রয়েছে।

শীত আসার আগেই গাজার মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো জরুরি। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের ওপরও জোর দিয়েছেন তিনি।