পুবের কলম ওয়েব ডেস্ক: শালবনিতে কলকাতা হাই কোর্টের বার কাউন্সিলের সদস্য তথা বিশিষ্ট বামপন্থী আইনজীবী শামিম আহমেদের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করার পাশাপাশি রাজ্যে বর্তমানে ‘জঙ্গলরাজ’ চলছে বলে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় প্রধান। রবিবার নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি প্রশাসনের কাছে রাজনৈতিক পক্ষপাতহীন হয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শালবনির কাছে কলকাতা হাই কোর্টের বার কাউন্সিলের সদস্য শামিম আহমেদ-সহ অন্যান্য বামপন্থী আইনজীবীদের গাড়ি লক্ষ্য করে আচমকা হামলা চালানো হয়। দুষ্কৃতীরা তাঁদের গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিযোগ।
বিজেপি বিরোধিতায় শামিল হতে কিছুদিন আগেই সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে কথা বলে বামেদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে সেই পদক্ষেপ ঘিরে জোর চর্চা চলার মাঝেই আক্রান্ত বাম আইনজীবীর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর এই জোরালো বার্তা নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। রবিবারের বার্তায় মমতা স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। এই ধরনের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রশাসনকে দলমত নির্বিশেষে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।