পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের জল্পনায় সিলমোহর দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্তরের বিরোধী জোট ‘ইন্ডি’-তে শামিল হল দক্ষিণী তারকা থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। শনিবার চেন্নাইয়ে আয়োজিত বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন বিজয়ের দলের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই সরকারিভাবে টিভিকে-কে জোটে অন্তর্ভুক্ত করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইন্ডি জোটের ডাকা যৌথ কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নেবে বিজয়ের দল।
সম্প্রতি আম আদমি পার্টি (আপ) ও ডিএমকে বিরোধী জোট থেকে দূরত্ব তৈরি করায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ‘ইন্ডি’। গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দলের কেউই উপস্থিত ছিল না। পঞ্জাব, গোয়া ও গুজরাতে আসন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থাকায় আপ দূরত্ব বাড়িয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস যেভাবে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের হাত ছেড়ে বিজয়ের দলের দিকে ঝুঁকেছে, তাতে ক্ষুব্ধ হয়ে জোটের বাইরে চলে গিয়েছে ডিএমকে। এমতাবস্থায় বিজয়ের রাজনৈতিক দল জোটে শামিল হওয়ায় বিরোধীরা নতুন অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানের যে ডাক দিয়েছে ইন্ডি জোট, তাতে সামিল হবেন টিভিকে-র প্রতিনিধিরা। পাশাপাশি জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে তামিলনাড়ুর প্রতিটি জেলায় কংগ্রেস, বাম এবং টিভিকে যৌথ আন্দোলন কর্মসূচি পরিচালনা করবে। তবে থলপতি বিজয় নিজে এখনও এ বিষয়ে কোনও পৃথক কর্মসূচি ঘোষণা না করায় তাঁর সরাসরি বিক্ষোভে উপস্থিতি নিয়ে এখনও স্পষ্টতা মেলেনি। এর আগে জোটের বাইরে থাকা নবীন পট্টনায়েক বা অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া মেলেনি, তবে টিভিকে-র অন্তর্ভুক্তি বিরোধী শিবিরের শক্তি বাড়াল।