পুবের কলম ওয়েব ডেস্ক: গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনার পর নিখোঁজ হয়ে যাওয়া এক মালয়েশীয় পর্যটক ৩৭ দিন পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় কাঠমান্ডুর মালয়েশিয়া দূতাবাসে ফিরে এসেছেন। তাঁর পরিবার তাঁকে মৃত বলে ধরে নিয়ে শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনাও পাঠিয়েছিল, তবে বৃহস্পতিবার ওই ‘সোলো ট্রাভেলার’ নিজে হেঁটেই দূতাবাসে হাজির হয়ে সবাইকে চমকে দেন।
মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাসফিহ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট নাগথালি ভিউ পয়েন্টে শেষবার দেখা গিয়েছিল ওই যুবককে। এর পরদিন নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার ফলে রাস্তাঘাট, সেতু ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট মধ্য নেপালের বিস্তীর্ণ অংশে ত্রিশূলী ও ভোটকোসি নদীর ভয়ংকর জলোচ্ছ্বাসে ব্যাপক ধ্বংসলীলা চলে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালে এখনও পর্যন্ত ১৪৫১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। পাশাপাশি তিব্বত অঞ্চলেও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। নেপালের এই বিপর্যয়ের পর মোট ৫৫ জন মালয়েশীয় নাগরিক নিখোঁজ ছিলেন। এই যুবকের অলৌকিক প্রত্যাবর্তনের পর সেই নিখোঁজ সংখ্যা কমে ৫৪-তে দাঁড়াল।