পুবের কলম ওয়েবডেস্ক, যুদ্ধক্ষেত্রে সামরিক নির্দেশ অমান্য করে সম্মুখসারি থেকে সরে যাওয়ার অভিযোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় তাঁরা অবস্থান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
দক্ষিণ কিভু প্রদেশের উভিরার সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। আগস্টে পূর্ব কঙ্গোয় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের সময় নির্দেশ অমান্য ও যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
আরও পড়ুন:
আদালতের রায়ে ৫৪ সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরও ১০ জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
কৌঁসুলিদের দাবি, উভিরার গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা রক্ষার দায়িত্বে ছিলেন অভিযুক্ত সেনারা।
আরও পড়ুন:
এদিকে বিচার চলাকালীনও উভিরা এলাকায় সরকারি বাহিনী ও এএফসি/এম২৩ বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের শুরুতে গোমা ও বুকাভু দখলের পর এম২৩ পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। কঙ্গো সরকার ও জাতিসংঘ রুয়ান্ডার বিরুদ্ধে এম২৩-কে সহায়তার অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে কিগালি।