পুবের কলম ওয়েবডেস্ক, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মৃতদের মধ্যে রয়েছেন সদ্য প্রয়াত এক সেনা জওয়ানের ছেলে, ভাই ও ভাইপো। রবিবার অযোধ্যা-সুলতানপুর সীমানার কাছে হালিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, সুবেদার মেজর সত্যবান দেওরিয়ার গালিয়া দুদহাইলা গ্রামের বাসিন্দা ছিলেন। চণ্ডীগড়ে কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর দেহ অ্যাম্বুল্যান্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। হালিয়াপুরের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যবানের ছেলে গৌরব সিং (২৮) এবং চালক জসপাল সিংয়ের (৩০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর ভাই রাজন চৌধুরী (৩৬) এবং ভাইপো রাম সমুঝ সিংকে (৪০)।

 চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে সেখানে যান সুলতানপুরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল ও জেলাশাসক ইন্দ্রজিৎ সিং। চারজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সত্যবানের দেহ রাখা হয়েছে হালিয়াপুর থানায়। সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে বলে জানিয়েছে প্রশাসন।