গণহারে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনও প্রক্রিয়াকেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। রবিবার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাঁদের নিজের দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ করে তোলার মতো কোনও প্রক্রিয়া স্বভাবতই স্বেচ্ছাচারী। কোনও ‘পাল্টা যুক্তি’ দিয়ে এমন পদক্ষেপকে সমর্থন করা যায় না।
আরও পড়ুন:
বিচারপতি ভূঁইয়ার বক্তব্য, ভারতীয় সংবিধান ভোটাধিকার থাকা ও না-থাকা—এই দুই শ্রেণির নাগরিকের ধারণা দেয় না। তাঁর মতে, ব্যাপক হারে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনও প্রক্রিয়া সংবিধানের ১৪ ও ৩২৬ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
তিনি আরও বলেন, ভোটাধিকারকে নাগরিকের পরিচয় থেকে বিচ্ছিন্ন করা যায় না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে ভোটাধিকারকে মৌলিক অধিকার না হলেও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর মৃত ভোটার ছাড়া অন্য কারও নাম বাদ দিতে হলে নোটিস ও বক্তব্য রাখার সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি জানান।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, একজন কোটিপতি ও একজন রিকশাচালকের ভোটের মূল্য সমান—সর্বজনীন ভোটাধিকারের মধ্যেই এই সমতার প্রকাশ রয়েছে। তাঁর মতে, ভোটাধিকার নাগরিকত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি।