এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের আরও ক্ষমতা দিল নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় নোটিস পাওয়া প্রত্যেক ভোটারকে ব্যক্তিগত শুনানিতে হাজির হতে হবে না। বুথস্তরের আধিকারিকরা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা অনলাইন ব্যবস্থায় আপলোড করবেন। এরপর নির্বাচনী নিবন্ধন আধিকারিক সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।

কমিশন জানিয়েছে, শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে নির্বাচনী নিবন্ধন আধিকারিকের সিদ্ধান্ত অনুযায়ী শুনানি হবে। প্রয়োজনে সেই শুনানি অনলাইনেও করা যেতে পারে। অর্থাৎ, শুনানি পুরোপুরি তুলে দেওয়া হয়নি; প্রয়োজন অনুযায়ী তা সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোক্কালিঙ্গম ভোটার তালিকা সংশোধনের অনলাইন ব্যবস্থায় পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। কোন ক্ষেত্রে শুনানি প্রয়োজন এবং কোন নথির ভিত্তিতে নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন, সে বিষয়ে আরও স্বাধীনতার প্রস্তাবও দেওয়া হয়েছিল।