পুবের কলম ওয়েব ডেস্ক: রাত পোহালেই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। যে কোনও ধরনের অশান্তি এড়াতে এবং সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রেজিনগর কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮২টি মূল বুথ এবং ৩৩টি সহায়ক বুথ।
শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে রেজিনগরে মোতায়েন করা হয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী, যার মধ্যে ১৪৪ জন অফিসার ও ৬৭৫ জন কনস্টেবল রয়েছেন। জেলাশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারের যৌথ সমীক্ষার ভিত্তিতে গোটা কেন্দ্রের ১৯টি এলাকাকে স্পর্শকাতর এবং ২২৯টি বুথকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নিয়মিত রুট মার্চ ও টহলদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় সক্রিয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ১০৩টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মধ্যে ৯৬টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। কার্যকর করা হয়েছে ৭৮টি জামিন অযোগ্য পরোয়ানা, ৫৭ জনকে ১০৭ ধারায় বন্ডে আবদ্ধ এবং ৯৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি তল্লাশি চালিয়ে ৮ কেজি বিস্ফোরক ও ১৭ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ভোটের জন্য ৩৮৯টি ব্যালট ইউনিট (সিইউ), ৩৯০টি কন্ট্রোল ইউনিট (বিইউ) এবং ৪১৮টি ভিভিপ্যাট প্রস্তুত রাখা হয়েছে। স্ট্রংরুমে চব্বিশ ঘণ্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যার ভেতরের বলয়ের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে ভোটগণনা হবে বহরমপুর গার্লস কলেজে। গণনাকেন্দ্রে ইভিএম গণনার জন্য ১৪+৭টি এবং পোস্টাল ব্যালটের জন্য ৩+২টি টেবিল নির্ধারণ করা হয়েছে, যেখানে নজরদারির দায়িত্বে থাকবেন ৪৪ জন মাইক্রো অবজার্ভার। অন্যদিকে নির্বাচন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চব্বিশ ঘণ্টার হেল্পলাইন এবং সি-ভিজিল অ্যাপের মাধ্যমে পাওয়া সব অভিযোগেরই দ্রুত শতভাগ নিষ্পত্তি করা হয়েছে বলে নির্বাচন দপ্তর জানিয়েছে।