পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ পড়া ও নাগরিকদের ভোটাধিকার হরণের অভিযোগে নির্বাচন কমিশনের 'স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন' (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিদের মন্তব্যের ভিত্তিতে কেন্দ্রের ওপর আক্রমণ জোরদার করল বিরোধী দলগুলি। সোমবার শীর্ষ আদালতের বিচারপতিদের পর্যবেক্ষণের পর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পি চিদম্বরম ও দিগ্বিজয় সিং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছেন।

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, পরিবেশ সুরক্ষার অন্যতম কাণ্ডারী হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতি জোরালোভাবে মন্তব্য করেছেন যে, 'ভোট দেওয়ার অধিকার সংবিধানে উল্লিখিত মূল কাঠামোর অংশ'।

তিনি বলেন, বিচারপতি ভূঞার বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে সাংবিধানিক পদে আসীন প্রধান নির্বাচন কমিশনার নিজে অক্ষরে ও আত্মায় সংবিধানের লঙ্ঘন করেছেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ পোস্ট করে জানান, বিচারপতি ভূঞার মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের অযোগ্যতা পুরোপুরি প্রকাশ্যে এনে দিয়েছে। জয়রাম রমেশের বক্তব্য, "বিচারপতি ভূঞা সিইসি-র সমস্ত কার্যকলাপের মুখোশ পুরোপুরি উন্মোচন করে দিয়েছেন। জ্ঞানেশ কুমার সাংবিধানিক পদে থাকার সমস্ত নৈতিক অধিকার হারিয়েছেন।

"

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম সাধারণ মানুষকে রাজকোটে প্রাক্তন বিচারপতি নারিমানের বক্তব্য এবং হায়দরাবাদে কর্মরত বিচারপতি ভূঞার মন্তব্য পড়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টের পাশাপাশি নিজের কলামের কথা উল্লেখ করে চিদম্বরম লেখেন, সুপ্রিম কোর্ট সময়ের সাথে সংবিধান ও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে এগিয়ে আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি। শাসকদলের সমর্থকদের নীরবতা পালন করার পরামর্শ দিয়ে কটাক্ষ করেন তিনি। কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রক্রিয়ার জবাব অবিলম্বে কমিশন ও কেন্দ্রকে দিতে হবে।