পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভগবন্ত মানের নেতৃত্বাধীন আপ সরকারের অস্বস্তি বাড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে ওঠা বড়সড় দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। সোমবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেয় আদালত।

রাজ্যে প্রশাসনিক আধিকারিকদের বদলি, পদোন্নতি এবং জমি ব্যবহারের ধরন পরিবর্তন (সিএলইউ)-সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এর আগে পাঞ্জাবের ডিজিপিকে তিনটি চিঠি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চিঠিতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি ব্যক্তিদের হস্তক্ষেপ এবং একটি চক্র সক্রিয় থাকার অভিযোগ করা হয়।

পাশাপাশি, আবাসন সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন ও জাল অনুমতিপত্র ব্যবহারের প্রসঙ্গও তুলে ধরা হয়। ইডির সেই চিঠিতে খোদ মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওএসডি) রাজবীর ঘুমানের নামও উল্লেখ করা হয়েছিল।

ইডির তরফ থেকে দফায় দফায় চিঠি দেওয়া হলেও পাঞ্জাব পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরপরেই ইডির চিঠিকে হাতিয়ার করে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন নিখিল সরাফ নামে এক আইনজীবী।

সেই মামলার প্রেক্ষিতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

আগামী বছরের ফেব্রুয়ারিতেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতির এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তবে যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর পালটা দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং বিরোধী শাসিত রাজ্যগুলিকে কালিমালিপ্ত করতেই ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ষড়যন্ত্র করছে বিজেপি সরকার।