পুবের কলম ওয়েবডেস্ক, ইউক্রেনের সুমি শহরে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। হামলায় ‘কুসুম গ্রুপ’-এর বিশাল ওষুধ কারখানার মূল ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

ঘটনার পর কারখানা এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

ভারতীয় নাগরিক রাজীব গুপ্ত প্রতিষ্ঠিত কুসুম গ্রুপ ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধের রফতানি ও বাণিজ্যের মাধ্যমে কাজ শুরু করে।

পরে সুমি শহরে নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তোলে সংস্থাটি। বর্তমানে তারা ৫০টিরও বেশি ধরনের ওষুধ তৈরি করে এবং বিশ্বের একাধিক দেশে তা বিক্রি হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার নিন্দা করেছেন। তাঁর দাবি, সুমি ছাড়াও আরও কয়েকটি এলাকায় রুশ ড্রোন হামলায় অন্তত ছয় জন আহত হয়েছেন।