পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর মুখে কর্মচারীদের বেতন ও বাড়ি ভাড়া মেটানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ বরাদ্দের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েও তাৎক্ষণিক স্বস্তি পেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আদালত নিযুক্ত বিশেষ অফিসার সুব্রত তালুকদারের কমিটির কাছে অর্থ চেয়েও তা পাওয়া যাচ্ছে না এই অভিযোগ তুলে সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। পুজোর ছুটির পরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


আর্থিক বেনিয়মের অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা দলটির তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল পুলিশ। সেই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলে দৈনিক প্রয়োজনীয় খরচ চালানোর স্বার্থে অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে অনিয়ন্ত্রিত আর্থিক লেনদেন রুখতে একজন বিশেষ অফিসার নিয়োগ করে আদালত নির্দেশ দেয় যে, তাঁর নজরদারিতেই যাবতীয় লেনদেন হবে। আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকার কথা জানানো হয়।

এরই মধ্যে কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের অন্তর্দ্বন্দ্বে তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। এই যুক্তিতে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি খারিজের সওয়াল করে রাজ্য। তবে আদালত সেই আর্জি নাকচ করে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মমতা তৃণমূলের খরচের অধিকারই বহাল রাখে। এদিন মমতা তৃণমূলের তরফে আদালতে জানানো হয়, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে হতে চলা উপনির্বাচনের প্রেক্ষিতে দলের নাম ও প্রতীক ফ্রিজ করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন বিশেষ অফিসার। সেই জটিলতায় টাকা আটকে থাকায় পুজোর মুখে কর্মী বেতন ও বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে না বলে দলের দাবি। এই প্রেক্ষিতেই দ্রুত আদালতের হস্তক্ষেপ চাওয়া হলেও হাই কোর্ট জরুরি শুনানিতে সায় দেয়নি।