পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বি এল বর্মা-সহ বিদায়ী কোনও সাংসদকেই পুনরায় টিকিট না দিয়ে উত্তরপ্রদেশের আটটি আসনেই সম্পূর্ণ নতুন মুখের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধানসভার বর্তমান দলীয় শক্তির নিরিখে এই দশটি আসনের মধ্যে বিজেপি আটটি এবং সমাজবাদী পার্টি দু’টি আসনে জয়লাভ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।


বিজেপির প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় দুই মন্ত্রী ছাড়াও বাদ পড়েছেন দলের পুরনো রাজ্যসভার সাংসদ অরুণ সিং, সীমা দ্বিবেদী, নীরজ শেখর, ব্রিজ লাল এবং গীতা শাক্য। অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে পূর্বে রাজ্যসভার সদস্য থাকা দীনেশ শর্মা বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর পদে দায়িত্ব সামলাচ্ছেন। এদিনের বিজ্ঞপ্তিতে ঘোষিত আটজন নতুন প্রার্থীর তালিকায় নাম রয়েছে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পান্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গওয়ারের।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের সমীকরণকে পাখির চোখ করেই সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক ভারসাম্যের মেলবন্ধন ঘটিয়েছে বিজেপি।
রাজ্যে জাতিগত ভোটব্যাঙ্কের দিকটি মাথায় রেখে আটজন প্রার্থীর মধ্যে তিনজন ওবিসি, দু’জন তফসিলি জাতিভুক্ত এবং তিনজন উচ্চবর্ণের প্রতিনিধিকে প্রার্থী করা হয়েছে। ওবিসি প্রার্থীদের মধ্যে স্থান পেয়েছেন লোধি, পাল ও কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। উচ্চবর্ণের কোটায় মনোনীত হয়েছেন দু’জন ব্রাহ্মণ ও একজন রাজপুত প্রার্থী। এর পাশাপাশি রাজ্যসভায় নারী প্রতিনিধিত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দুই মহিলা মুখকেও প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে।