উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :  রাতের অন্ধকারে বাইক নিয়ে যাওয়ার সময় এক যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার ঝড়খালির পার্বতীপুর এলাকায়। নিহতের নাম দেবকুমার গায়েন (২৫)। রবিবার রাতে এই ঘটনা ঘটে। প্রথমে পথদুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মৃত্যু নয়, যুবকের মাথায় গুলির ক্ষত রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পার্বতীপুর এলাকায় বাইক নিয়ে যাচ্ছিলেন দেবকুমার। কিছুক্ষণ পর তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও হাসপাতালে চিকিৎসকেরা মাথায় গুলির ক্ষত দেখতে পাওয়ায় খুনের ঘটনা সামনে আসে।
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। কী কারণে ওই যুবককে গুলি করে খুন করা হল, কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি উঠেছে। যদিও পুলিশের তরফে এখন ও এই তত্ত্বের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্তের আওতায় রাখা হয়েছে।
নিহতের গতিবিধি, তাঁর পরিচিতদের সঙ্গে সম্পর্ক এবং ঘটনার আগে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন তথ্য ও সম্ভাব্য সূত্র সংগ্রহ করা হচ্ছে।সোমবার দেবকুমার গায়েনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ এবং গুলির বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। সোমবার বিকাল পর্যন্ত ঘটনায় কাউকেগ্রেফতার বা আটক করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।