পুবের কলম ওয়েবডেস্ক, রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরেই আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেল। মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তার পরেই এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন হুমায়ুন।

এর পর পুলিশ তাঁকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি, রেজিনগরে হুমায়ুনের বক্তব্য উস্কানিমূলক ও প্ররোচনামূলক হয়ে উঠছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভোট শুরুর পর রেজিনগরের বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগও তুলেছেন বিরোধী দলের প্রার্থীরা।

ফলে ভোটের প্রথম সকালেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে সোমবার রাতে হুমায়ুনের দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। পুরনো মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল রেজিনগর থানার পুলিশ। তবে হুমায়ুনের অভিযোগ ছিল, উপনির্বাচনের আগে দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।