বিশ্ব শিক্ষক দিবসের আগে ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর আট শতাধিক ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার তিনশোরও বেশি শিক্ষক এবং আরও ১৭০ জনের বেশি শিক্ষক আটক রয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।
আরও পড়ুন:
মন্ত্রণালয়ের বক্তব্য, গাজা ও পশ্চিম তীরের শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ, বাস্তুচ্যুতি ও ধ্বংসের মধ্যেও গাজার শিক্ষকরা তাঁবু এবং বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রকে অস্থায়ী শ্রেণিকক্ষে পরিণত করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন।
পশ্চিম তীরেও বিভিন্ন তল্লাশিচৌকি ও চলাচলের বিধিনিষেধের কারণে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমস্যা বাড়ছে বলে জানিয়েছে তারা।আরও পড়ুন:
এদিকে অধিকৃত পশ্চিম তীরের ভবিষ্যৎ নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর। ইসরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পশ্চিম তীরের এ, বি ও সি এলাকার মধ্যে কোনও পার্থক্য নেই এবং ‘পুরো ভূখণ্ডই আমাদের’।
আরও পড়ুন:
অন্যদিকে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শিক্ষক ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আটক শিক্ষকদের মুক্তি এবং শিক্ষা খাতের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।