পুবের কলম ওয়েব ডেস্ক: 'বাংলা', 'বঙ্গ' বা 'ওয়েস্ট বেঙ্গল' নয় ইংরেজি-সহ সমস্ত ভাষাতেই রাজ্যের নাম অপরিবর্তিত রেখে 'পশ্চিমবঙ্গ' করা হবে। সোমবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের জন্মের ইতিহাসের সঙ্গে এই নামটির গভীর যোগ রয়েছে। তাই সব ভাষাতেই যাতে এই নাম সরকারিভাবে ব্যবহার করা হয়, তার জন্য আসন্ন বিধানসভা অধিবেশনেই রাজ্য সরকার একটি বিল আনতে চলেছে।
আরও পড়ুন:
এদিন শমীক ভট্টাচার্য বলেন, "এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল বা বাংলা নয়।
অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, সেই বঙ্গের অর্ধেকটা চলে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ পড়ে রয়েছে, তাই রাজ্যের নাম পশ্চিমবঙ্গই হবে।" উল্লেখ্য, এর আগে রাজ্যসভাতেও সব ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার জোরালো সওয়াল করেছিলেন তিনি। তাঁর যুক্তি ছিল, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও ঐতিহাসিক পটভূমি। রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার সেই অবস্থানকেই আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার পথে এগোচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।আরও পড়ুন:
প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার শেষের দিকে থাকার কারণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা একেবারে শেষ পর্বে বলার সুযোগ পেতেন। দীর্ঘ বৈঠকের শেষে সময় কমে যাওয়ায় পূর্ণাঙ্গ বক্তব্য পেশ করা সম্ভব হতো না। সেই অসুবিধা দূর করতে বামফ্রন্ট সরকারের আমল থেকেই নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে তৃণমূল সরকার রাজ্যের নাম বদলে 'বাংলা' করার বিল বিধানসভায় পাস করালেও তাতে কেন্দ্রের অনুমোদন মেলেনি। শুরু থেকেই 'বাংলা' নামকরণে আপত্তি জানিয়ে রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ' রাখার পক্ষেই অনড় ছিল বিজেপি। রাজ্যে ক্ষমতা বদলের পর এবার সেই নাম কার্যকর করতেই বিধানসভায় বিল পেশের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।