নন্দীগ্রাম ও রেজিনগরে মঙ্গলবার সকাল ৭টা থেকে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই দুই কেন্দ্রে ভোটারদের বুথমুখী হতে দেখা যাচ্ছে। রেজিনগরে সপরিবারে ভোট দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ভোট দেওয়ার পরই পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন তিনি।

হুমায়ুনের অভিযোগ, ভোটগ্রহণ শুরুর আগেই তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘পুলিশ যদি আমাকে মারতে আসে, আমি পুলিশকে ছেড়ে দেব না কি!’’ একইসঙ্গে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে তাঁর সমর্থকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পুলিশের বিরুদ্ধে ‘বিজেপির দালালি’ করার অভিযোগও তোলেন হুমায়ুন। তাঁর এই অভিযোগের বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর।

পরে নওদা আসনটি রেখে রেজিনগর ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়। রেজিনগরে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি প্রার্থী করেছে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে। বিজেপির প্রার্থী শাখারভ সরকার এবং তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী।

রেজিনগরে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে। দুই কেন্দ্রের ভোটগণনা হবে ৯ অক্টোবর।