মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিল করবে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। সকাল সাড়ে ১০টায় সংসদের মকর দ্বার থেকে সাংসদদের জমায়েত শুরু হওয়ার কথা, এরপর নির্বাচন সদনের দিকে মিছিল যাবে। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ এবং জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিই থাকছে কর্মসূচির মূল বিষয়।

৩০ সেপ্টেম্বরের বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়েছিল। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দলের সাংসদ এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে আম আদমি পার্টি ও ডিএমকে এই কর্মসূচিতে থাকছে না। অন্যদিকে, বিজু জনতা দল মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছে।

এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে এসেছে। বিরোধীরা তাঁর পদত্যাগ দাবি করছে। অন্যদিকে, নির্বাচন কমিশন কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিনের মিছিলকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ব্যারিকেড বসানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।

মিছিলের পাশাপাশি আগামী দিনগুলিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি জানিয়েছে বিরোধীরা। ১০ থেকে ২০ অক্টোবর ব্লকস্তরে কর্মসূচি এবং পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সভা-সমাবেশের পরিকল্পনাও রয়েছে। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড় জনসভার ডাক দেওয়া হয়েছে।