পুবের কলম ওয়েবডেস্ক, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সামরিক বিমানের ৩২ জন আরোহীর। সোমবার দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাত জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

নাইজেরিয়ার ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, এডো রাজ্য থেকে লাগোস যাওয়ার পথে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিমানটির সঙ্গে র‌্যাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটির খোঁজ শুরু হয়।

নাইজেরিয়ার বিমানবাহিনী বিমানটিকে এটিআর-৪২ হিসেবে শনাক্ত করেছে। একটি নৌঘাঁটির কাছে নদীর পাশে সেটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর বিমানের একটি অংশ জলে ডুবে যেতে শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনতে পান তাঁরা। বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে কয়েকটি গাছ ভেঙে যায়। ঘটনাস্থলে দেহাংশ, পোশাক ও জুতো পড়ে থাকতে দেখা যায়।

ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।